বিশেষ প্রতিনিধি | নগর নিউজ ২৪
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলভীরগাঁও গ্রামে এক লোমহর্ষক ও হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে। নিজের জন্মদাতা স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা এবং কিশোরী মেয়েকে জোরপূর্বক দেহব্যবসায়ে বাধ্য করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সাংবাদিকদের সামনে দেওয়া এক বক্তব্যে ভুক্তভোগী তরুণী জানান, তার বাবা মৃত চান মিয়াকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তার মা সাদিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় অন্য পুরুষেরা তার বাবার প্রাণ কেড়ে নেয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তার মা দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একপর্যায়ে মেয়েকেও জোরপূর্বক টাকার বিনিময়ে এসব কাজে লিপ্ত হতে বাধ্য করেন। মায়ের নির্মম অত্যাচারের বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমার কান্না ও ইজ্জতের কোনো মূল্য দেয়নি সে। টাকার লোভে আমাকে ওই নরকে ঠেলে দিয়েছিল।” বর্তমানে তিনি পালিয়ে গিয়ে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগী কন্যা আরও অভিযোগ করেন, তার ফুফু ও সাবেক ইউপি সদস্যা চম্পা বেগম পুরো ঘটনা জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতেই তাকে নিজ বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন।
ঘটনা অনুসন্ধানে নেমে গণমাধ্যমকর্মীরা পেয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত সাদিয়া বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার মাদক সেবন ও কেনাবেচার বেশ কিছু তথ্য-প্রমাণ সাংবাদিকদের হাতে এসেছে।
প্রতিবেদনে উঠে এসেছে, তথ্য প্রকাশ ঠেকাতে সাদিয়া ও তার প্রবাসী বোন বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাংবাদিকদের প্রভাবিত করার অপচেষ্টা চালায়। তবে তাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে একটি কালো কাঁচের নোয়া (X-Noah) গাড়িতে করে অস্ত্রধারী দল নিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী নারীর ভিডিও বার্তা ছড়িয়ে পড়ার পর থেকে সচেতন মহল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি উঠেছে।
Leave a Reply